শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর সদর ও রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
এ ছাড়াও ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি এবং গাজীপুর সিটি করপোরেশনের দুটি ইউনিট রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার বেক্সিমকো রোডে এ ঘটনা ঘটে।
ইউনিটগুলো হলো-টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি, উত্তরা ফায়ার স্টেশনের ৩টি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৪টি, মিরপুর থেকে একটি হ্যাজম্যাট (HAZMAT) টেন্ডার, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৪টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি,পূর্বাচল ফায়ার স্টেশনের ৩টি, গাজীপুর সিটি করপোরেশনের ২টি ইউনিট ও সেনাবাহিনীর ১টি।
কী কারণে আগুন লেগেছে, সে সময় কারখানার ভেতরে কেউ অবস্থান করছিলেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।













