শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রশিক্ষণ পেয়েছেন কিশোরগঞ্জের ২৬ জন উদ্যোক্তা। মাসব্যাপী এ প্রশিক্ষণে তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কিশোরগঞ্জের একটি হোটেলে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় ২৬ জন উদ্যোক্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও প্রশিক্ষণ প্রকল্পের উপপরিচালক আইয়ুব আলী এবং এনআরবিসি ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেশন ডিপার্টমেন্টের প্রধান মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক ও প্রশিক্ষণ সমন্বয়কারী এটিএম মাসুদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, ‘নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের সফলভাবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংক এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে অংশ নেওয়া উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবে এনআরবিসি ব্যাংক।’
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আইয়ুব আলী বলেন, ‘দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী এ কর্মসূচির আওতায় কিশোরগঞ্জে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
’
তিনি আরও জানান, প্রশিক্ষণের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সরকার ঘোষিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা বলেন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবিলার উপায় সম্পর্কে জানতে পেরেছি। আমরা সফল উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।













