বরগুনা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
কিশোর গ্যাং নির্মূল করতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। এ সময়ের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে ওসিকে দায়িত্বে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন চিফ হুইপ। এ সময় পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
চিফ হুইপ বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি (ওসি) থাকবেন না। আগামী দুই মাস সময়, দুই মাস। কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না।’
চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নূরুল ইসলাম মণি বলেন, ‘চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নেই। ওসি সাহেব, চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন, না হয় চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না।’
নিজের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ তুলে চিফ হুইপ ওসিকে আউয়াল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি বলেন, তার নাম ব্যবহার করে ওই ব্যক্তি কোথাও কিছু করার কথা বলে চাঁদা নিয়েছেন। আউয়ালসহ আরও একজন বর্তমানে পলাতক রয়েছেন। আউয়ালকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে চিফ হুইপ বলেন, তার নাম ব্যবহার করে কেউ দখলবাজি করলে তাকে ফোনে না পেলে মুঠোফোনে খুদে বার্তা পাঠাতে। তিনি রাতে বার্তা দেখেন বলেও জানান।
কোস্টগার্ডের সোর্স পরিচয়ে কেউ অনিয়মে জড়ালে সতর্ক করে নূরুল ইসলাম মণি বলেন, প্রয়োজনে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। থানায় দালালি বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন তিনি।













