জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। বিচার শুরুর প্রথম দিন প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রিপরিষদের ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ বাকিদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
এর আগে তাদের গ্রেপ্তারের আবেদন করে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার পর এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ।












