• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

যুবকদের ভোটার তালিকায় আনতে চাই: সিইসি

প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৯:১০
আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৯:১০

 

নিউজ ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুবকদের আনতে চাই। যুবকদের ভোটার তালিকায় যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে। কারণ উনারা সংস্কার কমিশনের প্রতিবেদন খুব শিগগিরই সরকারে কাছে দিয়ে দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন উনারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।

কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দীন বলেন, ডেলিমেটেশন সংক্রান্ত কিছু আছে, ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে। এ ছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। উনারা সুপারিশ করুক আর না করুক আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমেটেশনটাকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কী প্রয়োজন সেগুলো বলেছি।

রাজনৈতিক দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, এটা কী সম্ভব? প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে নতুন বছরের শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে পরের বছরের জুন মাস এসে যাবে। আমরা উনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি।

সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।

সাক্ষাতের বিষয়ে চাইলে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে উনাদের কাছে জানতে চেয়েছি, উনাদের কোনো প্রস্তাব আছে কি না। কমিশন তো স্টেকহোল্ডার, উনাদের কাছে জানতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে উনাদের কোনো সুপারিশ আছে কি না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম