নিউজ ডেস্ক
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় ঢাকা ত্যাগ করবেন তিনি। চিকিৎসা শেষে খালেদা জিয়া ও তারেক রহমান এক সঙ্গে দেশে ফিরবেন বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা
খালেদা জিয়াক বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে ভীড় করেন নেতাকর্মীরা। ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। পথে পথে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মীরা।
খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এসে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বিগত সরকারের সময় আমরা বারবার আবেদন করেছিলাম। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি, চিকিৎসার ব্যবস্থাও করেনি। তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষ দোয়া করে আমাদের নেত্রী যেন সুস্থ্য হয়ে দেশে ফিরে আসেন, এটা আমাদের সকলের প্রত্যাশা।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষের প্রত্যাশা চিকিৎসা শেষে মা ও ছেলে এক সাথে দেশে আসবেন।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আবেগের জায়গায়। আমাদের নেতা তারেক রহমান মাকে নিয়েই দেশে ফিরবেন, এটা আমাদের আশা।
যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দীন মামুন বলেন, ম্যাডাম ও তারেক রহমান এদেশের মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। এ দেশের প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে তিনি সুস্থ্য হয়ে দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন। ম্যাডামের সঙ্গে তারেক রহমান দেশে ফিরবেন বলে আমরা আশা করি।
কাতারের আমির বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন এই নেত্রী। প্রথমে কাতারের রাজধানী দোহা বিমানবন্দরে যাবেন। দোহা থেকে লন্ডনে যাবে।
এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, লন্ডন ক্লিনিক হাসপাতালে জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরিক্ষা-নিরিক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, খালেদা জিয়ার বহনকারী গাড়িটি গুলশান-২ এর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ টি গতকাল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

