• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শেখ হাসিনার আমলে বগুড়ায় উন্নয়নের ছোঁয়া পড়েনি : গিয়াস আহমেদ

প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ১০:৫০
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ১০:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের (এবিসিসিআই) চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেছেন, বাংলাদেশের একজন ক্ষণজন্মা মহান পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। আর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৭ বছরে বগুড়ায় উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি। বগুড়াবাসীর বড় দাবির কোনোটিই পূরণ হয়নি। রাজনৈতিক প্রতিহিংসায় এ জেলার উন্নয়ন নিয়ে চলেছে বৈষম্য।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে জিয়াউর রহমানের নিজ বাড়ি গাবতলীতে ‘কমল ও জিয়া’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজজামান তালুকদার লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবিসিসিআইর কো-চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি হাসানুজজামান হাসান। অন্যদের মধ্যে বগুড়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

গিয়াস আহমেদ বলেন, বিগত ১৭ বছর বগুড়া অঞ্চলে কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি। বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসাবশত সব উন্নয়ন কর্মকাণ্ড থেকে এই এলাকাকে দূরে রেখেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে যেন দ্রুত পরিকল্পনার মাধ্যমে অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ঘটান।

তিনি আরও বলেন, বগুড়ায় রয়েছে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর। আরও আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ ছাড়া দ্বিতীয় বিসিক শিল্পনগরীর জন্য নির্ধারিত স্থান ছাড়াও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের কার্যক্রমের নথি মন্ত্রণালয়ে পড়ে আছে বছরের পর বছর।

একইভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের বিষয়ও রয়েছে অনুমোদনের অপেক্ষায়। শুরু থেকেই এসব প্রকল্প নিয়ে আওয়ামী লীগ সরকার ছিল উদাসীন। নানা প্রতিবন্ধকতার অজুহাতে দেড় যুগেরও বেশি সময় ধরে ফাইলবন্দি করে রাখা হয়।

সভাপতির বক্তব্যে হেলালুজজামান তালুকদার লালু বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শুধু বগুড়াবাসীর প্রতিই অন্যায় করেনি বরং সমস্ত দেশবাসীর ওপর জুলুম, অন্যায়, অত্যাচার করেছে। হাজার হাজার টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে পাচার করেছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এই চোরদের দ্রুত বিচারের দাবি জানান।

অনুষ্ঠান শুরুর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মণ্ডলসহ পারিবারিক গোরস্তানে অন্যদের জন্য এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম