আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
মাইলেজ সুবিধা পুনর্বহাল না করায় সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন বন্ধ করে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই)। এতে সারাদেশের ন্যায় ময়মনসিংহ অঞ্চলের যাত্রীরাও চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। মঙ্গলবার সকাল থেকে ট্রেন যাত্রীরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এসে গাড়ি না পেয়ে ভিড় জমান বাসস্ট্যান্ডগুলোতে, সেই সুযোগ কাজে লাগিয়ে বাস ভাড়া বৃদ্ধি করেছেন চালকরা।
বিকেলে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও বাইপাস মোড়ে গিয়ে এই চিত্র দেখা যায়। ঢাকাগামী যাত্রী সাদেক হোসেন বলেন, ব্রিজ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলো সাধারণত ১৫০—২০০ টাকা ভাড়া নিয়ে থাকেন আজকে তারা ভাড়া ২৫০—৩০০ টাকা চাচ্ছেন। বাধ্য হয়ে প্রয়োজনের তাগিদে যেতে হচ্ছে।
আরেক যাত্রী শফিকুল ইসলাম বলেন, ব্রিজে যাত্রীর চাপ থাকার কারণে বাসে ভিড় বেড়েছে, অনেক হেলপার টেনে হিচড়ে বাসে যাত্রী তুলছেন। ট্রেন বন্ধ থাকার কারণে আমাদের দুভোর্গ পোহাতে হচ্ছে। তা দেখার কেউ নেই।
বাইপাস মোড়ে বাসের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা আফসার উদ্দিন বলেন, ট্রেনে টিকিট করেও ঢাকা যেতে পারিনি। তিনঘন্টা স্টেশনে অপেক্ষা করে টিকিটের টাকা নিয়ে ঢাকা যাওয়ার জন্য বাইপাস এসেছি। এখানে চরম অরাজকতা। এগুলো প্রশাসনের সামনেই হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষের ভোগান্তি দূর করা হোক। আন্দোলনের নামে ট্রেন বন্ধ সেটা সুস্থ সমাজে হতে পারে না।

ঢাকাগামী ইমাম পরিবহনের চালকের সহকারি আবুল কালাম বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়টি সত্য নয়, যাত্রীরা তা এমনি এমনেই বলছে। সাধারণ দিনের তুলনায় আমরা ভাড়া কম নিচ্ছি।
আরেক চালক হুমায়ূন কবীর বলেন, মানুষ বিপদে পড়েই আমাদের গাড়িতে ওঠে, আমরা সেটা বুঝে সামান্য ভাড়া বৃদ্ধি করি। এতে তাদের সমস্যা হওয়ার কথা নয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম বলেন, ট্রেন বন্ধের কারণে বাসে ভাড়া বৃদ্ধির বিষয়ে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।












