• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৯:৫৪
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৯:৫৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) না থাকাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এনসিপির বিচক্ষণতার অভাব রয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের সঙ্গে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটাতে সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমে… পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারত… সেটা নিয়ে আমরা পরে আরও বসতে পারতাম, কথা বলতে পারতাম। আমি মনে করি যে, এটা বিচক্ষণতার অভাবে হয়েছে। নাহলে তারা অবশ্যই এটা আজকে সই করত।

মির্জা ফখরুল বলেন, এটা বিভক্তি নয়। তারা ভুল বুঝতে পারবে এবং সঠিক জায়গায় এসে পৌঁছাবে। বিতর্কের জায়গা রয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কখনো কোনো দেশেই, কোনো কালেই পিছু ছাড়বে না। আর দুর্ভাগ্যক্রমে আমাদের স্বভাব হচ্ছে যে, আমরা বিতর্ক করতে খুব পছন্দ করি। তবে সবকিছুর মধ্যেই যা হয়েছে, তা ‘গ্রেট এচিভমেন্ট’ বা বড় অর্জন বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ-২০২৫ স্বাক্ষরিত হয়েছে। এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এটা আমাদের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে।

তিনি বলেন, আজকে শহীদের রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল… এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। যে রাষ্ট্রকাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই যাত্রার মধ্য দিয়ে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি হবে। রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সব অঙ্গ সাংবিধানিক ভারসাম্য রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা হবে ইনশাল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি। সামনের দিনে আমাদের অনেক কাজ। এই কেবল যাত্রা শুরু।

তিনি বলেন, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা দু-একজন স্বাক্ষর করেননি। আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন। সেটা উন্মুক্ত রাখা আছে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাংবিধানিকভাবে আর্টিকেল ৬৫-এর সাবসেকশন টুতে বলা আছে, বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩০০ জাতীয় সংসদ সদস্য হবেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য থাকবেন।

তিনি বলেন, এখন কেউ কেউ সেটা বর্ণনা করছেন যে, নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত অন্য কিছু না… এটা সত্য। নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবেই কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে। সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। তারপরও প্রধান উপদেষ্টা যদি আলাপ-আলোচনা করতে চান- আমরা আলাপ-আলোচনায় বিশ্বাস করি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম