জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ভাষা আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ থেকেই জাতির মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ‘‘আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি। সে উপলক্ষে, সব ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের পর আন্দোলন তীব্র আকার ধারণ করে। যার ফলে তৎকালীন পাকিস্তান সরকার রাষ্ট্রভাষা বাংলার দাবি মেনে নিতে বাধ্য হয় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। উল্লেখ্য যে, ১৯৫২ সাল থেকে পরবর্তী সব সরকারের আমলেই রাষ্ট্র ভাষা বাংলা শুধু কাগজে সীমাবদ্ধ ছিল,বাস্তবে কার্যকর হয়নি। ১৯৮৭ সালের ৮ মার্চ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ‘বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭’ পাস করেন। তখন থেকে সরকারি অফিস-আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হয় এবং রাষ্ট্রভাষা বাংলা বাস্তব রূপ লাভ করে।’’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভাষা আন্দোলন ছিল তৎকালীন সরকারের আমলে বাঙালির অধিকার আদায়ের সংগ্রামের শুরু এবং বৈষম্যের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ানো। ভাষা আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ থেকেই জাতির মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত হয়, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। সমাজে যখনই অন্যায় অবিচার ও বৈষম্য বৃদ্ধি পায়, তখনই একুশের চেতনা আমাদের প্রতিবাদে সোচ্চার হতে শক্তি যোগায়, ঐক্য বদ্ধ হয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পরার প্রেরণা দেয়।’
শেষে জিএম কাদের এই বিশেষ দিনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, ন্যায়-বিচারভিত্তিক, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হই। হিংসা বিদ্বেষ ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার শপথ নেই।’












