বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
গত বছরের ঈদুল আজহার পর থেকে দেশের চলচ্চিত্রের অবস্থা একেবারেই ভালো যাচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এবং বড় সিনেমা মুক্তি না পাওয়ার কারণে ক্রমাগতভাবেই সিনেপ্লেক্স ও সিঙ্গেল হলে দর্শক সংখ্যা কমেছে। বিপুল ক্ষতির মুখে পড়ে অনেক হল বন্ধও ঘোষণা করা হয়েছে। নির্বাচনসহ বিভিন্ন কারণে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সিনেমা মুক্তির সাহস করছেন না পরিচালক-প্রযোজকরা। নির্বাচন ও রমজানের মাঝামাঝি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এ দিবসটিকেও এবার সিনেমা মুক্তির জন্য বিবেচিত করেননি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নির্বাচনের পর এবার ঈদকেই সিনেমা মুক্তির সবচেয়ে বড় উপলক্ষ হিসেবে দেখছেন তারা। আর তাই রোজার ঈদকে ঘিরেই সিনেমা মুক্তির তোড়জোড় চলছে। লম্বা হচ্ছে ঈদে সিনেমা মুক্তির তালিকাও। এরইমধ্যে ঈদের ছবি হিসেবে আলোচনায় রয়েছে ১২টি সিনেমার নাম। এখানে দু’-তিনটি সিনেমা যেমন যুক্ত হতে পারে, আবার পিছপাও হতে পারে মুক্তির ক্ষেত্রে। তবে এই ঈদে বড় বাজেট ও আয়োজনের বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। এরমধ্যে শাকিব খান দু’টি সিনেমার শুটিং করছেন। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’র বেশির ভাগ কাজ শেষ করেছেন তিনি। এতে তার নায়িকা তানজিন তিশা। অন্যদিকে, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন তাসনিয়া ফারিণ। এখন ভারতে চলছে সেই ছবির শুটিং। জানা গেছে, আসছে রোজার ঈদে ‘প্রিন্স’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিদ্ধান্ত পরিবর্তিত হলে ‘সোলজার’ও ঈদে মুক্তি পেতে পারে। ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটিও। এতে অভিনয় করছেন- চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। কাজাখস্তানের পর বাংলাদেশে এর শুটিং শেষ হয়েছে। ঈদে মুক্তির অপেক্ষায় আছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। অভিনয়ে রয়েছেন- চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ ও আজমেরী হক বাঁধন। মুক্তির লক্ষ্যে নির্মিত হয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় শুভ-মিম জুটিকে তৃতীয়বারের মতো দেখা যাবে।












