• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন ওবায়দুল কাদের

প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ১:৫২
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ১:৫২

960002541 1

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন ওবায়দুল কাদের

টালবাহানা না করে, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তার দফতরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান।

‘বিরোধীদল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য মাঠ খালি করতে হামলা করা হচ্ছে’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, হাস্যকর, নির্লজ্জ মিথ্যাচার। বিএনপি নেতারাই তো মাঠে নামতে ভয় পায়, আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে।

তিনি বলেন, আমরা বারবার চেয়ে এসেছি বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশে ভালো একটা নির্বাচন হোক তা চায় মনে প্রাণে। নির্বাচন খুব বেশি দূরে নয়, আপনারা জোট করুন বা নিজেরা একা আসুন সেটা আপনাদের ব্যাপার। নির্বাচনে আসতে হবে- ক্ষমতার মঞ্চে কোন পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ নেই।

‘সরকারি দল বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে না পেরে সরকার মনঃকষ্টে ভুগছে,’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয় বরং শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে মনঃকষ্টে ভুগছে বিএনপি। বিএনপি বুঝে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জনগণের ভোটে পরাজিত করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমুখী রাজনীতি বিএনপির রাজনৈতিক ভবিষ্যতকে সংকটের মধ্যে ঠেলে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বারবার ঐক্যের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ কিন্তু তাদের ডাকে সাড়া দিচ্ছে না। আর সেই কারণেই তাদের মনঃকষ্ট বেড়েই চলেছে।

‘সরকারি দল বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে চায়’ বিএনপির এমন বক্তব্যেরও জবাব দিয়ে তিনি বলেন, সরকার কেন বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে যাবে? কোনো সরকারি দল কি চায় দেশকে অস্থির করতে, দেশে সংঘাতপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে? শেখ হাসিনা সরকার শান্তি ও স্বস্তি চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, আন্দোলন করেন ভালো কথা কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার সরকার তাই করবে। এখনও সময় আছে ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে নির্বাচনের পথে আসুন, নির্বাচনের মাঠেই আপনারদের সাথে মোকাবেলা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com