জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২৪ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৮ ও ২৯ জুলাই (মঙ্গলবার ও বুধবার) সারাদেশে কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা জুলাই-আগস্টের সকল শহীদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই কর্মসূচির মাধ্যমে শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি জানানো হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।












