জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
চলতি মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেছেন, এটিএম কার্ডের মতো এই কার্ড দিয়ে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা নিতে ও সুবিধা পাবেন প্রবাসীরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্রঅধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক নুর।
তিনি বলেন, ‘প্রবাসী কার্ডটি এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে বিভিন্ন সমস্যার সমাধানে সুবিধা পাবেন প্রবাসীরা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু।
এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক দেওয়া হয়।












