এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে সোনারগাঁ উপজেলা বিএনপির দুই নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকfলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় পদ-পদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে দলের পক্ষ থেকে দুটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে, এখন থেকে উল্লিখিত বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখা। বহিষ্কৃত ব্যক্তিরা পরবর্তীতে দলীয় পদ-পদবি ব্যবহার করে অথবা কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
দলের শৃঙ্খলা, ঐক্য এবং সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিএনপির সকল স্তরের নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব।
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল দুই সহোদর হওয়া সত্ত্বেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সম্প্রতি উপজেলার আষাড়িয়ারচর এলাকায় পুনরায় সংঘর্ষ ও বিএনপির পার্টি অফিস ভাঙচুর করা হলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, ঘটনার ৩ দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সাংগঠনিকভাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












