পঞ্চগড় প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বিচার এবং ঘটনাটি আপসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে ঝাড়ু ও জুতা হাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
এ সময় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ সানোয়ার হোসেন এবং কথিত আপসের ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। পরে তারা প্রায় দুই ঘণ্টা তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে উপজেলার তাইয়াগছ এলাকায় প্রতিবেশী ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সানোয়ার হোসেন নামে এক বৃদ্ধ জড়িত বলে অভিযোগ করেন তারা। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও থানায় মামলা না করে একটি মহল ভুক্তভোগী পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে আপস করিয়ে নেয় বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, তিনি টাকা দিয়ে ভুক্তভোগী শিশুর বাবাকে মিডিয়া ও পুলিশ প্রশাসনের কাছে ফোন করে বিষয়টি জানাতে নিষেধ করেছেন। এছাড়া এর আগেও বাজারে এক যুবককে মারধর, সুবিধা না পেলে বিভিন্ন কৌশলে ফাঁসিয়ে দেওয়া এবং নারীসংক্রান্ত বিভিন্ন ঘটনা আপসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এসব অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিক্ষোভকারীদের হুমকি-ধমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ঝাড়ু ও জুতা হাতে বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে অভিযুক্তদের বিচার এবং কথিত আপসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে তারা তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ভুক্তভোগী শিশুর দাদা বলেন, ‘সুলতানা রাজিয়া দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন, আমি ঢাকায় আছি, বাসায় আসব। মামলা হবে নাকি আপস হবে, সেটা তিনি দেখবেন।’
স্থানীয় বাসিন্দা মানিক তালুকদার বলেন, ‘এত বড় ঘটনা গোপনে আপস করা হয়েছে। এতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জড়িত বলে আমরা জানতে পেরেছি।’
তবে আপসের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া বলেন, ‘তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।’
তিনি জানান, বেশ কয়েক দিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’












