জামালপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় যমুনা নদী থেকে বালি উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোট ৭ জন আহত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ (৬০), ইউনিয়ন বিএনপির সদস্য চাঁন মিয়া (৫০), ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুকুল (৪৫), সদস্য মো. আনিছ (৪০) এবং বিএনপি কর্মী হারুন অর রশিদ (৩২), হুমায়ুন কবির (৩৫) ও আব্দুর রহিম (৪৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাস ও তার সহযোগী সাখাওয়াত নলসন্ধ্যা এলাকায় যমুনা নদী ও নদীর পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করে আসছিলো। বিষয়টি নিয়ে পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মাসুদ ও বিএনপির সদস্য চাঁন মিয়াসহ এলাকার অন্যান্য লোকজন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয় সুভাস ও সাখাওয়াত। এ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ তৈরি হয়।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ ও তার লোকজন ওই এলাকার একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাস ও সাখাওয়াতের নেতৃতে। ৮টি মোটরসাইকেলে করে তাদের প্রায় ২৪ জন সহযোগী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে আহত হয় ৭ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা গুরুত্বর হওয়ায় হসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিছ, চাঁদ মিয়া ও মাসুদকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
সরিষাবড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, কাল রাতে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। এখনও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি।












