মুন্সীগঞ্জের সংঘর্ষে আহত যুবদলকর্মী শাওনের মৃত্যুতে বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি ও
তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। যুবদলের পক্ষ থেকে শুক্রবার বাদ জুম্মা নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে নামাজের জানাজা ও সারাদেশে গায়েবানা নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী শনিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
শাওনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি, অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে রাতে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন। আগামীকাল নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে মোহাম্মদ শাওন হোসেনের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে
নিহত শহীদুল ইসলাম শাওন (২৭) মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌর যুবদলের ৮ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তার মৃত্যুতে আজ রাত ১০ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের সামনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কর্মসূচী ঘোষণা করেন।
মুন্সীগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শাওন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবা রাত ৮টা ৪০ মিনিটে আইসিইউতে মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তার মৃত্যুর খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ছাড়াও ঢাকা মহানগরের উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।












