• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১২:২৮
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১২:২৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’ এর চেয়ারম্যান ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করা এবং সরকারের নেওয়া সংস্কার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি যুক্তরাজ্য সংসদ, বাংলাদেশ এবং যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে এপিপিজির ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি যুক্তরাজ্য সংসদে তুলে ধরতে এপিপিজি প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই; এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের ওপরও পড়ছে। রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করে এপিপিজি প্রতিনিধিদল রোহিঙ্গাদের দুর্ভোগ কমাতে তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্য সংসদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সক্রিয় থাকার আশ্বাস দেন তারা।

বৈঠকে সংসদীয় সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা ও বিনিময় বৃদ্ধি ছাড়াও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং মানবাধিকারসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবিলায় বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় মাধ্যমে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com