শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং (Philip Ong)।
বুধবার (৭ অক্টোবর) মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় সিঙ্গাপুরের ট্রেডট্রাস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলারের আলোকে এ কার্যক্রমে স্থানীয় ব্যাংকগুলোর আগ্রহ এবং ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের অংশগ্রহণের বিষয়ে সিঙ্গাপুরের প্রতিনিধিরা প্রশংসা করেন। বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ও সিংগাপুরস্থ সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি কাজ করবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়।
সাক্ষাৎকালে গভর্নর বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার আহ্বান জানান।
সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দেশটির মিনিস্ট্রি অব ট্রেড অ্যান্ড ইনডাস্ট্রি এর ওয়াং চু সিন (WONG Choo Sin) এবং এন্টারপ্রাইজ সিংগাপুরের বেনজামিন চুসহ (Benjamin CHUE) একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং পরিচালক আবু ছালেহ মুহাম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।













