• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নাসিকের পাম্প বিকল : ১০ দিন ধরেপানির সংকটে ২০ হাজার মানুষ

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৭:১৮
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৭:১৮

নাসিকের পাম্প বিকল : ১০ দিন ধরেপানির সংকটে ২০ হাজার মানুষ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডে পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় গত ১০ দিন ধরে তীব্র পানি সংকটে ভুগছেন প্রায় ২০ হাজার বাসিন্দা। বিকল্প হিসেবে সিটি করপোরেশনের গাড়িতে পানি সরবরাহ করা হলেও বিপুলসংখ্যক মানুষের চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা।
পানি সংকটের কারণে দিনের পাশাপাশি রাতেও বিকল্প পানির উৎসের সন্ধানে ছুটছেন বাসিন্দারা। এলাকার যেসব বাড়িতে সাবমার্সিবল পাম্প রয়েছে, সেসব বাড়ির সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে দেখা যাচ্ছে। ৮ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় একই ধরনের চিত্র দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, পাম্পটি বিকল হওয়ার পর থেকেই স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন মেটাতে সিটি করপোরেশনের গাড়িতে করে পানি দেওয়া হলেও তা দিয়ে এলাকার মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ হচ্ছে না। ফলে খাবার পানি সংগ্রহের পাশাপাশি রান্না, গোসল ও গৃহস্থালির অন্যান্য কাজেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অনেক বাসিন্দাকে পানির জন্য এক মহল্লা থেকে অন্য মহল্লায় ছুটতে হচ্ছে। বিশেষ করে রাতে সামান্য পানির জন্যও মানুষের ভিড় বাড়ছে। সাবমার্সিবল পাম্প থাকা বাড়িগুলোতে স্থানীয়রা বালতি, কলস ও বিভিন্ন পাত্র নিয়ে পানি সংগ্রহ করছেন।
বাসিন্দাদের অভিযোগ, টানা ১০ দিন ধরে পানি সংকট চললেও এখনো স্থায়ী সমাধান হয়নি। দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা।
ভুক্তভোগী বাসিন্দারা দ্রুত বিকল পাম্পটি মেরামত করে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ৮ নং ওয়ার্ডে পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় দ্রুত মেরামতের নিদেশ দেয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com