গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশের প্রায় ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের জন্য অনুমোদিত ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্পটি সবচেয়ে বড় বলে জানা গেছে। প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার একনেক সভায় উপস্থিত ছিলেন।
প্রকল্পটির মাধ্যমে গাজীপুর মহানগরীর অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করছেন নগরবাসী।
সিটি করপোরেশন সূত্র জানায়, গাজীপুর মহানগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও নাগরিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহৎ পরিসরের এ উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোহর আলি বলেন, দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যা ও অবকাঠামোগত সংকটে থাকা মহানগরীর জন্য এ প্রকল্প একটি বড় সুযোগ। পরিকল্পিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন হলে গাজীপুর একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হওয়ার পথে আরও এগিয়ে যাবে।
গাজীপুর সদর এলাকার রমিজ উদ্দিন জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের মধ্যে উন্নয়নের রূপরেখা হবে ভিন্নরূপ। যা রাজধানীর ঢাকাকেও হার মানাবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরের নাগরিক সুবিধা বাড়ানোর পাশাপাশি নগরীর সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।












