• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:২৩
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:২৩

চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনও জায়গা নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে অন্যায় করে পার পাওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। এসব বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, সংসদের গত অধিবেশন শেষ হয়েছে গত মাসের ১০ তারিখে। আগামী মাসে নতুন অধিবেশন শুরুর আগে সাধারণত এ ধরনের বৈঠক হয় না। তবে সংসদ সদস্যদের সমস্যা ও মতামত শুনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের কথা শুনেছেন। বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রীরা মতামত দিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা, বিচার বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সরকারের কার্যক্রম আরও জবাবদিহিমূলক করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, নির্বাচন কবে হবে, সে বিষয়ে বৈঠকে নির্দিষ্ট কোনও সময়সীমা নিয়ে আলোচনা হয়নি। তবে নির্বাচন সুষ্ঠু করা এবং কোনও ধরনের হস্তক্ষেপ না হওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে যিনি নির্বাচিত হওয়ার যোগ্য, তিনি যেন নির্বাচিত হতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও অন্যান্য কার্যক্রমের বিষয়ে নির্বাচন কমিশন সাধারণত স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজন করা উচিত।

চিফ হুইপ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বিএনপি চেষ্টা করবে, প্রতিটি ইউনিয়নে যেন একক প্রার্থী থাকে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক বিস্তৃতি বিবেচনায় নিয়ে ঐক্যবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা যেন স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত হন, সেটিই দলের প্রত্যাশা। তবে দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি।

দুর্গাপূজায় নিরাপত্তায় নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার নির্দেশ

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেন কোথাও সমস্যার মুখে না পড়েন, সে বিষয়ে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন। পূজার আয়োজন নির্বিঘ্ন রাখতে সংসদ সদস্যদের সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী এবং সংসদ সদস্যরাও পূজার সময় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

দলীয় শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, বৈঠকে সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকার বিষয়ে আলোচনা হয়েছে। সংসদে ও সংসদের বাইরে সংসদ সদস্যদের করণীয় এবং দলের কার্যক্রম নিয়েও প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন।

আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি। আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সরকার সে অনুযায়ী পদক্ষেপ নেবে।

মধ্যপ্রাচ্যে জ্বালানি খাতের অস্থিরতার মধ্যে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে সচেতন রয়েছে। শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com