জয়পুরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত
একটি মহল অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার করছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, রেমিট্যান্স বেড়েছে, ডলারের তুলনায় মুদ্রার মান শক্তিশালী হয়েছে, রপ্তানী-রাজস্ব আয় বাড়ছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে, অর্থনীতিতে শক্তিশালী হচ্ছে এসময় দেখা যাচ্ছে কিছু জায়গা থেকে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। কিন্তু সরকারকে এতো সহজে বিব্রত করা যাবেনা। কারণ প্রধানমন্ত্রী সকল বিষয়ে সচেতন। ফ্যাসিস্ট সরকার ও অন্তবর্তীকালীন সরকারের অপরিকল্পিত পরিকল্পনার জন্য জ্বালানি তেল-বিদ্যুৎ সঙ্কটের সমস্যা হয়েছে। ইতিমধ্যে বিদ্যুতের সমস্যা উন্নতি হয়েছে। রূপপুর বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালু হবে। ফ্যাসিবাদের সময় যারা ছিল, তাদের কারণে সারের সঙ্কট সৃষ্টি হয়েছিল, সেই সংকট আমরা কাটিয়ে উঠেছি। খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে আছে। ভেজাল খাদ্য রোধ করা হচ্ছে। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষ যাতে পায় সেই ব্যবস্থাগুলো করা হচ্ছে।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সিভিল সার্জন আল মামুন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এমএ ওহাব ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি জহুরুল আলম তরফদার রুকু।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।












