• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের সুযোগ বাড়াতে কাজ করছে সরকার: শ্রমমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:২৯
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:২৯

দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের সুযোগ বাড়াতে কাজ করছে সরকার শ্রমমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরি, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। চলতি বছর বিশ্বের ১১৫টি দেশে বাংলাদেশি কর্মীরা কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন। বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়ম বন্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। অনিয়মের অভিযোগে ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পৃথক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, বিদেশগামী কর্মীদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)’ চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে বাংলাদেশি কর্মীরা কর্মসংস্থানের জন্য গেছেন।

বিদেশগামী কর্মীদের সঙ্গে প্রতারণা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায় বন্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, অবৈধ দালাল ও প্রতারকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। বিদেশে চাকরি, ইকামা ও চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং প্রতারণার অভিযোগ তদন্তের পর অনিয়মে জড়িত ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, কর্মীপ্রতি অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশের পর আগামী সপ্তাহের শেষ নাগাদ দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে। নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে।

নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে বিদেশে নতুন শ্রমবাজার অনুসন্ধানের উদ্যোগও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রুনাইসহ বিভিন্ন দেশে কম খরচে কিংবা বিনা খরচে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম চলছে।

বিদেশগামীদের দক্ষতা ও ভাষাজ্ঞান বাড়াতে জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয় ও জার্মান ভাষা প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম