• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আইসিজের রায়ে রোহিঙ্গাদের চোখে দেশে ফেরার স্বপ্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:২৬
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:২৬

আইসিজের রায়ে রোহিঙ্গাদের চোখে দেশে ফেরার স্বপ্ন
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের নির্যাতনের বিচার, হারানো স্বজনদের স্মৃতি আর মাতৃভূমিতে ফেরার আকাঙ্ক্ষা-সব মিলিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে নতুন আশার আলো দেখছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় ঘোষণার পর বিভিন্ন ক্যাম্পে একত্র হয়ে বড় পর্দায় তা দেখেন তারা।

রায়কে নিজেদের দীর্ঘদিনের নির্যাতন ও বঞ্চনার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তবে তাদের প্রত্যাশা, শুধু বিচার নয়, এবার নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরার পথও খুলবে।

রায় ঘোষণার পর উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের মধ্যে আনন্দ, আবেগ ও স্বস্তি দেখা যায়।

রোহিঙ্গারা মনে করছেন, দীর্ঘদিন ধরে তাদের ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের বিষয়টি এবার আন্তর্জাতিকভাবে আরও জোরালো স্বীকৃতি পেয়েছে।

উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর আবু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছি। আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, স্বজনদের হত্যা করা হয়েছে। এত দিন পর আন্তর্জাতিক আদালতের এই রায়ে আমরা কিছুটা হলেও ন্যায়বিচার পেয়েছি বলে মনে করছি। আমরা চাই, যারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের জবাবদিহি নিশ্চিত করা হোক।’

আইসিজের রায়ে রোহিঙ্গাদের চোখে দেশে ফেরার স্বপ্ন

একই ক্যাম্পের বাসিন্দা হাজেরা বিবি বলেন, ‘আমরা আর শরণার্থী হিসেবে থাকতে চাই না। নিজের দেশে ফিরে যেতে চাই। তবে মায়ানমারে আমাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে। এসব অধিকার নিশ্চিত হলেই আমরা সম্মানের সঙ্গে দেশে ফিরতে পারব।’

তানজিমারখোলা ১৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা রশিদ উল্লা বলেন, ‘মায়ানমারে আমাদের অনেক স্বজন নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন। তাদের কথা মনে পড়লে এখনো কষ্ট হয়। এই রায়ের মাধ্যমে বিশ্ব আমাদের কষ্টের কথা স্বীকার করেছে। আমরা চাই, এই বিচার যেন শেষ পর্যন্ত কার্যকর হয়।’

একই ক্যাম্পের তরুণ বাসিন্দা আবু হারেজের চাওয়া, ভবিষ্যৎ প্রজন্ম যেন নিজেদের মাতৃভূমিতে নাগরিকের অধিকার নিয়ে বেড়ে ওঠার সুযোগ পায়। তিনি বলেন, “আমাদের অনেক শিশু এই ক্যাম্পেই জন্ম নিয়েছে। তারা নিজেদের মাতৃভূমি দেখেনি। তাদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আমরা চিন্তিত। আমরা চাই, তারা যেন একদিন নিজেদের দেশে নাগরিকের অধিকার নিয়ে বড় হতে পারে।’

১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আবদুল্লাহ ওরফে রাসেল বলেন, ‘এই রায়ে আমরা খুশি। কিন্তু শুধু রায় ঘোষণা করলেই হবে না। আমাদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। মায়ানমারে নাগরিকত্ব, বসতভিটা ও নিরাপত্তার নিশ্চয়তা না পেলে আমরা ফিরে যেতে পারব না।’

১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি শামসুল আলম বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের আশ্রয় দিয়েছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের দাবি, তারা যেন মায়ানমারের ওপর চাপ সৃষ্টি করে। আমরা আর শরণার্থী হিসেবে থাকতে চাই না, নিজের দেশে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে চাই।’

রায়কে ঘিরে আনন্দ ও আশার পাশাপাশি রোহিঙ্গাদের মধ্যে উদ্বেগও রয়েছে। তাদের মতে, আন্তর্জাতিক আদালতের রায় গুরুত্বপূর্ণ হলেও এর ফলে রাতারাতি প্রত্যাবাসন শুরু হওয়ার সম্ভাবনা নেই। অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ ও আলোচনার পর প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবে কার্যকর হয়নি। তাই এবার রায় বাস্তবায়ন এবং মায়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ তৈরির দাবি জানিয়েছেন তারা।

রাখাইনের বর্তমান পরিস্থিতিও রোহিঙ্গাদের উদ্বেগ বাড়াচ্ছে। সেখানে মায়ানমারের জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা, রোহিঙ্গাদের নিরাপত্তাহীনতা এবং বসতভিটা দখলের অভিযোগ প্রত্যাবাসনের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন অধিকারকর্মীরা।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের শীর্ষ নেতা ডা. জুবায়ের বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় আমাদের জন্য বড় অর্জন। তবে শুধু রায় ঘোষণার মধ্য দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না। অতীতেও অনেক আন্তর্জাতিক উদ্যোগ ও আলোচনা হয়েছে, কিন্তু প্রত্যাবাসন নিশ্চিত হয়নি। তাই এই রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে মায়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাখাইনে এখনো জান্তা বাহিনী ও আরাকান আর্মির তৎপরতা রয়েছে। সেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা ও বসতভিটার নিশ্চয়তা নেই। আমরা আশা করি, এই রায়ের মাধ্যমে আমাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার ফিরে পাওয়ার পথ তৈরি হবে। আমরা নিজ দেশে সম্মান ও মর্যাদার সঙ্গে ফিরে যেতে চাই।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম