শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আইসিজের এই রায়কে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশের জন্যও ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই রায়কে ভিত্তি করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করা যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। এদিন রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগের একটি বড় সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘আজ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন, গত ১০ বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থান করছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। আইসিজেতে আজ যে রায় দেওয়া হয়েছে, তা এই বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। বাংলাদেশে যারা আশ্রয়দাতা সম্প্রদায় হিসেবে রয়েছেন কিংবা সামগ্রিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলব, এটি একটি ইতিবাচক রায়।’












