কিশোরগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও ধুলদিয়া ইউনিয়ন থেকে নৌকার বৈঠা উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে হুমকি দেওয়া হয়েছে। একই পোস্টে থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওসির ছবি যুক্ত করে দেওয়া পোস্টটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোস্টে ওসি মো. রফিকুল ইসলামকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের অভিযোগ তোলা হয়। ধুলদিয়া ইউনিয়ন থেকে নৌকার বৈঠা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেও ক্ষোভ প্রকাশ করা হয়। একপর্যায়ে ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পোস্টে লেখা হয়, ‘কটিয়াদীর বিভিন্ন এলাকায় নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে গ্রেপ্তার করছে। আজ ধুলদিয়ায় নৌকার বৈঠা উদ্ধার করে এটাকে অস্ত্র বানিয়ে দিয়েছে। এখনো সময় আছে কটিয়াদীর মানুষকে শান্তিতে বসবাস করতে দে। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু তোকেসহ থানা জ্বালিয়ে দেব।’
এদিকে, একজন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে এমন হুমকি এবং থানায় অগ্নিসংযোগের হুমকির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে আমাকে ও কটিয়াদী থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইডিটির পরিচয় শনাক্ত ও পোস্টের বিষয়ে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, হুমকিমূলক পোস্টটির উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত করা হচ্ছে।













