শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় এবার কঠোর রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে শুরুতে সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ বলে মনে করা হলেও হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতিকে এখন গুরুত্বের সঙ্গে দেখছে তারা।
এ পরিস্থিতিতে পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকার বাংলামোটরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের রায় বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে আওয়ামী লীগের বিচার দাবি করে আসছে। তবে বর্তমানে কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলছে।
রাজনৈতিক ঐক্যের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কীসের ভিত্তিতে হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করে এনসিপি।
এদিকে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব বলেছেন, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও হাসপাতালে হামলার ঘটনায় কয়েক দিনে বাসচালকসহ পাঁচ-ছয়জন নিহত হয়েছেন। জনগণ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকার কথা জানান তিনি।
বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন। এ ছাড়া দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচিতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।












