শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।
তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে সেই সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা পায়।
তারেক রহমান বলেন, দিনটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সশস্ত্র বাহিনীকে নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা জাতির গর্বিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ বাহিনীর সাহসী ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা বিশ্বপরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে সশস্ত্র বাহিনীর ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। বর্তমান সরকার উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য এ বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। শান্তিরক্ষী পাঠানোয় অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি জাতির জন্য গৌরবের।
বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
তিনি ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।












