• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৫১

 

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। উন্নত গবেষণা, মানসম্মত শিক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতির কারণে এ অঞ্চলের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে হংকংয়ের দ্য ইউনিভার্সিটি অব হংকং। তালিকার প্রথম দশে জায়গা পেয়েছে হংকং, চীন ও সিঙ্গাপুরের ১০টি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া কিউএসের সামগ্রিক বিশ্ব র‌্যাঙ্কিংয়ের প্রথম ২০টি প্রতিষ্ঠানের মধ্যেও রয়েছে এশিয়ার ছয়টি বিশ্ববিদ্যালয়।

কিউএসের প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানে রয়েছে হংকংয়ের দ্য ইউনিভার্সিটি অব হংকং। প্রতিষ্ঠানটির সামগ্রিক স্কোর ১০০।

দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিংয়ের পিকিং ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির স্কোর ৯৯ দশমিক ৮। একই শহরের সিংহুয়া ইউনিভার্সিটি ৯৯ দশমিক ৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি অব হংকং। এর স্কোর ৯৯ দশমিক ১। পঞ্চম স্থানে থাকা দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের স্কোর ৯৮ দশমিক ৯।

ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে চীনের সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। উভয় প্রতিষ্ঠানের স্কোর ৯৮ দশমিক ৭। অষ্টম স্থানে রয়েছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। এর স্কোর ৯৮ দশমিক ৫।

নবম স্থানে যৌথভাবে রয়েছে হংকংয়ের আরও দুটি বিশ্ববিদ্যালয়—দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি এবং দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উভয় প্রতিষ্ঠানের স্কোর ৯৮ দশমিক ৪।

এশিয়ার তালিকার পাশাপাশি কিউএসের সামগ্রিক বিশ্ব র‌্যাঙ্কিংয়েও এগিয়ে রয়েছে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ব তালিকায় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর দশম, হংকং বিশ্ববিদ্যালয় ১১তম, নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ১২তম, চীনের পিকিং ইউনিভার্সিটি ১৩তম এবং সিংহুয়া ইউনিভার্সিটি ১৪তম স্থানে রয়েছে। এ ছাড়া দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং রয়েছে ১৮তম স্থানে।

এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, ব্যবসা, আইন, অর্থনীতি ও কলাসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। বিশেষ করে প্রকৌশল ও প্রযুক্তিশিক্ষায় সিংহুয়া ও নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সুনাম রয়েছে। পর্যটন ও নকশা বিষয়ে পরিচিত হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি। অন্যদিকে চিকিৎসাবিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের খ্যাতি রয়েছে। বিজ্ঞান, অর্থনীতি ও কলা বিভাগে সুনাম রয়েছে পিকিং ও ফুদান ইউনিভার্সিটিরও।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম