শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে চীনের প্রতিষ্ঠান ঝেজিয়াং চিন্ট নিউ এনার্জি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (জেডসিএনইডিসিএল)-এর সঙ্গে যৌথ উদ্যোগ চুক্তি করেছে বাংলাদেশের এসআর রিনিউএবল এনার্জি লিমিটেড (এসআরআরইএল)।
এই চুক্তির আওতায় বগুড়া, পঞ্চগড় ও কিশোরগঞ্জ—এই তিন জেলায় মিলিয়ে ৪৮০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাকায় এসআর রিনিউএবল এনার্জি লিমিটেডের কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে সই করেন এসআর রিনিউএবল এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং চীনা প্রতিষ্ঠানটির প্রতিনিধি গান পেং।
অনুষ্ঠানে এসআর গ্রুপের চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেহবুব চৌধুরীও উপস্থিত ছিলেন।
এই অংশীদারত্ব বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। দেশের স্থানীয় অভিজ্ঞতা আর চীনা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতা একসঙ্গে কাজে লাগিয়ে বড় পরিসরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা গেলে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
বগুড়া, পঞ্চগড় ও কিশোরগঞ্জে প্রস্তাবিত ৪৮০ মেগাওয়াটের এই প্রকল্পগুলো দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা এবং টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্য পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই চুক্তির মাধ্যমে এসআর রিনিউএবল এনার্জি লিমিটেড দেশে পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ তৈরিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।












