শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলার ধরনে বড় কোনো পরিবর্তন আনছেন না ফরাসি কোচ এরিক মারে। বরং পূর্বসূরি পিটার বাটলারের তৈরি করা কৌশল ও ছকেই দলকে খেলাতে চান তিনি। আগামী ১ ও ৫ই ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল সিঙ্গাপুর সফরের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে নতুন মুখ গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র। ২০২৬ এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ১৭ জন ফুটবলারকে রেখে ছয়টি জায়গায় পরিবর্তন এনেছেন নতুন কোচ। ২৯শে নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী ফুটবল দল।
রুপনা চাকমা ও মিলি আক্তারের সঙ্গে তৃতীয় গোলরক্ষক হিসেবে সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন হিমি। এ ছাড়া দলে ফিরেছেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি এবং আলপি আক্তার। বাদ পড়েছেন গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল। গত ২রা নভেম্বর চট্টগ্রামে নারী দলের ক্যাম্পে বাটলার অসুস্থ হয়ে পড়েন। পরে ক্যান্সারের চিকিৎসার জন্য ফিরে যান ইংল্যান্ডে। এরপর বাফুফে একমাসের জন্য এরিককে অন্তর্বর্তী প্রধান কোচ নিয়োগ দেয়। ৯ই নভেম্বর ঢাকায় পৌঁছান এরিক। ঢাকায় পা রাখার পর থেকেই চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) প্রায় দুই সপ্তাহ নিবিড় ক্যাম্প পরিচালনা করেন তিনি। চট্টগ্রামের ক্যাম্প শেষ করে গত শুক্রবার ঢাকায় ফিরে পুরো দল। জাতীয় স্টেডিয়ামে চলছে সফরের শেষ মুহূর্তের প্রস্তুতি। এত অল্প সময়ের মধ্যে দলে বড় কোনো পরিবর্তন আনা ঠিক হবে না বলে মনে করেন এরিক। ফরাসি কোচ বলেন, ‘আমি সবকিছু বদলে ফেলতে যাচ্ছি না। মেয়েদের নিয়ে আগে যেভাবে কাজ হতো, আমরা প্রায় একই পদ্ধতি ও ছক ধরে রেখেছি।’ দলের সাংগঠনিক কাঠামো ও বোঝাপড়া নিয়ে কাজ চলছে জানিয়ে খেলোয়াড়দের উন্নতিতে খুশি এই অন্তর্বর্তীকালীন কোচ। তবে প্রতিপক্ষ সিঙ্গাপুরকে হালকাভাবে না নেয়ার সতর্কবার্তাও দিয়েছেন তিনি। সিঙ্গাপুর দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডের মতো দেশের অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার রয়েছে।
মারে বলেন, ‘ম্যাচগুলো মোটেও সহজ হবে না।’ অধিনায়ক মারিয়া মান্দা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার পক্ষে। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমাদের সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আগে পিটারের অধীনে অনুশীলন করেছি, এখন নতুন কোচের অধীনে করছি। প্রতিটি কোচের অনুশীলন করানোর ধরন আলাদা, আর তাদের দেখানো পদ্ধতি অনুযায়ী নিজেদের প্রস্তুত করে মাঠে সেরাটা দেয়াই আমাদের কাজ।’ খেলোয়াড়দের ফিটনেস, মানসিকতা ও নিবেদন নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছিলেন বাটলার।
এ বিষয়ে দ্বিমত পোষণ করেন মারিয়া। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমরা সবসময় শতভাগ দেয়ার চেষ্টা করি। কেউ চোটে থাকলে তার পারফরম্যান্সে কিছুটা প্রভাব পড়তে পারে, কিন্তু ফিট থাকলে আমরা সবাই ভালো খেলার চেষ্টাই করি।’ ২০২৭ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দলকে সক্রিয় রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচগুলোর আয়োজন করা হয়েছে বলে জানান কিরণ। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের চেয়ে ৪১ ধাপ এগিয়ে ১০৬ নম্বরে রয়েছে বাংলাদেশ। তবে র্যাঙ্কিং দিয়ে ম্যাচের ফল নির্ধারণ হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মাঠের খেলাই প্রমাণ করবে কারা এগিয়ে।’ সিঙ্গাপুরের বিপক্ষে ২০২৩ সালে জয়ের সুখস্মৃতি রয়েছে। ঢাকায় প্রথম প্রীতি ম্যাচে ৩-০ গোলে জেতে বাংলাদেশ। তহুরা খাতুন জোড়া গোল করেন। দ্বিতীয় ম্যাচেও জয় বাংলাদেশের। এবার ৮-০ গোলে সিঙ্গাপুরকে হারায় লাল-সবুজ মেয়েরা। এবার সিঙ্গাপুরের মাঠে। সেই সুখস্মৃতি ফেরানোর মিশন। এ বছর মার্চে অস্ট্রেলিয়ায় এএফসি উইমেন্স এশিয়ান কাপে অভিষেক হয় বাংলাদেশের। তিন ম্যাচেই হেরে পয়েন্ট বা গোল ছাড়াই ফিরতে হয়। শুরুটা হয় চীনের কাছে ০-২ গোলে হেরে। শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ০-৪ গোলে হার। এর মাঝে উত্তর কোরিয়ার কাছে ০-৫ ব্যবধানে হারে দল। তবু মহাদেশীয় এই আসরে খেলাটাই ছিল দেশের নারী ফুটবলের মাইলফলক। এর আগে বাটলারের অধীনে বাংলাদেশ কোয়ালিফায়ারে ইয়াঙ্গুনে তিন ম্যাচেই জিতে সেরা ১২ দলের একটি হিসেবে এশিয়ান কাপে জায়গা করে নেয়।
সিঙ্গাপুর সফরের ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি।
ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, সুরভী আক্তার আফরিন।
মিডফিল্ডার: মারিয়া মান্দা (অধিনায়ক), মোসাম্মৎ সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা, স্বপ্না রানী।
ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, ঋতুপর্ণা চাকমা।













