• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

তরুণদের মধ্যে যৌন সম্পর্কের প্রবণতা কমছে, উঠে এলো যেসব কারণ

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:২০
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:২০

 

বিশ্বজুড়েই তরুণদের মধ্যে যৌন সম্পর্কের প্রবণতা কমছে। যুক্তরাজ্যসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে গত এক দশকে এ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ৪৫ বছরের কম বয়সীরা ১৯৯০-এর দশকে একই বয়সী মানুষের তুলনায় এখন অর্ধেকবার যৌন সম্পর্কে জড়াচ্ছেন।

কিন্তু কেন এই পরিবর্তন? পর্নোগ্রাফি, সামাজিক যোগাযোগমাধ্যম, ডেটিং অ্যাপ, প্রত্যাখ্যাত হওয়ার ভয় কিংবা কর্মব্যস্ততা— কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলছে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

সম্প্রতি প্রকাশিত ব্রিটেনের চতুর্থ জাতীয় যৌন আচরণ ও জীবনধারা জরিপে (ন্যাটসাল) দেখা গেছে, দেশটিতে বিশেষ করে তরুণদের মধ্যে যৌন সম্পর্কের হার গত এক দশকে উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই জরিপে প্রবণতা কমার কারণগুলো স্পষ্ট করা হয়নি।

শুধু যুক্তরাজ্যেই নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ফিনল্যান্ড ও জাপানেও যৌন সম্পর্কের হার কমছে। এমনকি প্রেম ও রোমান্টিক সম্পর্কের জন্য পরিচিত ফ্রান্সেও দেখা যাচ্ছে একই প্রবণতা।

গবেষকদের একাংশের মতে, ইন্টারনেট ব্যবহারের সঙ্গে যৌন সম্পর্কের হারের একটি যোগসূত্র রয়েছে। অর্থাৎ, মানুষ যত বেশি সময় অনলাইনে কাটাচ্ছে, বাস্তব জীবনে যৌন সম্পর্কে জড়ানোর প্রবণতা তত কমছে। তবে এ বিষয়ে বিশ্বের অধিকাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশের পর্যাপ্ত তথ্য নেই।

ডেটিং অ্যাপ নিয়ে হতাশা

তরুণদের যৌন সম্পর্ক কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে অনলাইন ডেটিংয়ের প্রতি বিরক্তি ও হতাশা। যুক্তরাজ্যের ব্রিস্টলের ৩০ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, ডেটিং অ্যাপে পরিচিত হওয়ার পর অনেকেই হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। এ ছাড়া সম্পর্ক গড়ে তোলার পুরো প্রক্রিয়াটি তার কাছে ক্লান্তিকর মনে হওয়ায় তিনি অ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন।

অনলাইনে পরিচয়ের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দীর্ঘ সময় ধরে কথোপকথন চালিয়ে যাওয়ার চাপ এবং প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা অনেককে নতুন সম্পর্কে জড়াতে নিরুৎসাহিত করছে।

ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব

বিশেষজ্ঞদের মতে, সারাক্ষণ মুঠোফোনে ব্যস্ত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর কারণে মানুষের সরাসরি মেলামেশার সুযোগ কমছে। তবে শুধু ফোনকে দায়ী করাকে অতিসরল ব্যাখ্যা বলে মনে করেন অনলাইন নিরাপত্তা ও আস্থাবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ভিক্টোরিয়া বেইনস।

তার মতে, আগের প্রজন্মের তরুণ-তরুণীরা রাতের বিনোদনকেন্দ্র, পানশালা ও বিভিন্ন সামাজিক আয়োজনে সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেতেন। কিন্তু এখন রাতের বিনোদনকেন্দ্রের জনপ্রিয়তা কমেছে। পাশাপাশি তরুণদের মধ্যে মদ্যপানের প্রবণতাও আগের তুলনায় কম। ফলে নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর সুযোগ সীমিত হচ্ছে।

যুক্তরাজ্যের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীও বিষয়টি তুলে ধরেছেন। তার মতে, ২০০০-এর দশকে রাতে বাইরে যাওয়া, বন্ধুদের সঙ্গে মদ্যপান এবং আকস্মিক সম্পর্কে জড়ানোর প্রবণতা বেশি ছিল। এখন অনেকেই শুক্রবার ও শনিবার রাতে বাইরে না গিয়ে ব্যায়ামাগারে সময় কাটান কিংবা পরিচিত বন্ধুদের সঙ্গে সময় পার করেন।

প্রত্যাখ্যাত হওয়ার ভয়

মনোচিকিৎসক ও ঘটকালি বিশেষজ্ঞ সারাহ লুইস রায়ান মনে করেন, নারী-পুরুষ উভয়ের মধ্যেই সম্পর্ক নিয়ে একধরনের দ্বিধা তৈরি হয়েছে।

৩০ বছরের কম বয়সী গ্রাহকদের ওপর পরিচালিত এক জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, অনেক পুরুষ প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে নারীদের কাছে আবেগিক কিংবা শারীরিক ঘনিষ্ঠতার প্রস্তাব দিতে সাহস পান না। অন্যদিকে নারীদের অভিযোগ, পুরুষেরা সম্পর্কের ক্ষেত্রে আগ্রহ ও উদ্যোগ দেখান না। ফলে অনেক নারী নতুন সম্পর্কের সন্ধানে বাইরে যাওয়ার চেয়ে ব্যায়ামাগারে সময় কাটানোকে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন।

এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ডেটিং অ্যাপের ওপর নির্ভরতা কমিয়ে খেলাধুলার ক্লাব, দৌড়ের দল কিংবা বই পড়ার সংগঠনে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন রায়ান। তার মতে, এসব জায়গায় স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

বিনোদনের ভিড়ে হারাচ্ছে আকাঙ্ক্ষা

বিশেষজ্ঞদের আরেকটি ব্যাখ্যা হলো, মানুষের অবসর সময় আগের মতো ফাঁকা থাকছে না। আগে একঘেয়েমি কাটাতে মানুষ বন্ধুদের সঙ্গে দেখা করতেন কিংবা নতুন সম্পর্কের সন্ধান করতেন। এখন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম, সিনেমা ও ধারাবাহিক দেখার মাধ্যমে প্রতিটি মুহূর্ত ব্যস্ত রাখা সম্ভব হচ্ছে।

যৌনতা ও সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ অ্যানাবেল নাইটের মতে, যৌন আকাঙ্ক্ষা তৈরিতে একঘেয়েমি, অপেক্ষা, কল্পনা এবং মনোযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এখন মানুষ অবসর পেলেই মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়ছেন। এতে সারাক্ষণ অন্যদের সঙ্গে যুক্ত থাকার অনুভূতি তৈরি হলেও প্রকৃত অর্থে মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে না।

করোনার দীর্ঘমেয়াদি প্রভাব

করোনাভাইরাস মহামারির সময় দীর্ঘদিনের লকডাউনও তরুণদের সামাজিক ও যৌন জীবনে প্রভাব ফেলেছে বলে মনে করছেন গবেষকেরা।

অধ্যাপক ভিক্টোরিয়া বেইনসের মতে, লকডাউনের সময় মানুষের সামাজিক যোগাযোগ সীমিত হয়ে পড়ে। শারীরিক সংস্পর্শও তখন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হতো। অনেক তরুণ বিশ্ববিদ্যালয়জীবন শুরু করেছেন ঘরবন্দি অবস্থায়। ফলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া কিংবা স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলার অভ্যাস ব্যাহত হয়েছে।

পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাব

যৌন সম্পর্ক কমে যাওয়ার আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে অনলাইন পর্নোগ্রাফির বিস্তার। জরিপে অংশ নেওয়া অনেকের মতে, পর্নোগ্রাফিতে অতিরিক্ত আক্রমণাত্মক ও বাস্তবতাবিবর্জিত যৌন আচরণ দেখানোর কারণে বাস্তব জীবনের ঘনিষ্ঠতা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

স্কটল্যান্ডের ৫৩ বছর বয়সী এক ব্যক্তি বলেছেন, পর্নোগ্রাফির ব্যাপক ব্যবহারের ফলে যৌনতাকে উপভোগের বিষয় হিসেবে না দেখে অনেক ক্ষেত্রে আগ্রাসী আচরণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

যৌন সম্পর্ক কমা কি উদ্বেগের বিষয়?

তবে তরুণদের মধ্যে যৌন সম্পর্ক কমে যাওয়াকে সবাই নেতিবাচক হিসেবে দেখছেন না। লিডস বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক নীতিশাস্ত্রের সহযোগী অধ্যাপক লুক ব্রানিংয়ের মতে, সম্মতি ও নিরাপত্তা নিয়ে মানুষের সচেতনতা বেড়েছে। একই সঙ্গে বেশি যৌন অভিজ্ঞতাকে সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখার প্রবণতাও কমছে।

তার মতে, বন্ধুদের দলে গ্রহণযোগ্যতা পেতে কিংবা সামাজিক চাপের কারণে তরুণদের যৌন সম্পর্কে জড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করা উচিত নয়। তাই যৌন সম্পর্কের হার কমেছে বলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তবে ইউনিভার্সিটি কলেজ লন্ডকের ন্যাটসাল জরিপের একাডেমিক পরিচালক সোয়াজিগ ক্লিফটনের মতে, যৌনতা অনেক মানুষের সামগ্রিক সুস্থতা ও জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ। ফলে মানুষের যৌন আচরণে পরিবর্তন আসার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

অর্থনৈতিক চাপও বড় কারণ

তরুণদের যৌন ও ব্যক্তিগত জীবন থেকে দূরে সরে যাওয়ার পেছনে অর্থনৈতিক অনিশ্চয়তাও বড় ভূমিকা রাখছে। চাকরির অনিশ্চয়তা, দীর্ঘ কর্মঘণ্টা, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটানোর চাপ অনেকের জন্য সম্পর্ক গড়ে তোলাকে কঠিন করে তুলছে।

নিউক্যাসলের ২২ বছর বয়সী এক তরুণ জানিয়েছেন, চাকরি পাওয়া কঠিন। চাকরি পেলেও কাজের সময়সূচি অনেক সময় অনিয়মিত থাকে। তিনি নিজে পানশালায় কাজ করেন এবং কয়েক দিন আগে জানতে পারেন কখন তাকে কাজে যেতে হবে। ফলে ব্যক্তিগত পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে।

তার ভাষায়, যার সঙ্গে তিনি সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিলেন, সেই নারী একসঙ্গে তিনটি চাকরি করতেন। ফলে সম্পর্কের জন্য প্রয়োজনীয় সময় ও শক্তি তার ছিল না।

ওই তরুণের কথায়, ‘আমি শুধু চাই নিজের বাড়িভাড়া ও খাবারের খরচ মেটাতে পারব, পাশাপাশি একজন সঙ্গীও থাকবে। এটাই আমার স্বপ্ন।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম