কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরাইল। দেশটিকে এআই খাতের বৈশ্বিক কেন্দ্রে পরিণত করতে ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অবকাঠামো উন্নয়নে গতি বাড়াচ্ছে দেশটির সরকার। এর পেছনে অর্থনৈতিক লক্ষ্য ছাড়াও সামরিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর কৌশল কাজ করছে।
গত জুনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, তার দেশকে বৈশ্বিক এআই পরাশক্তিতে পরিণত করা হবে। সেপ্টেম্বরে ইসরাইলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এআই সক্ষমতায় বিশ্বে তৃতীয় শক্তি হবে ইসরাইল।
এ লক্ষ্য অর্জনে দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২০ সালের এপ্রিলে ইসরাইলি প্রতিষ্ঠান মেলানক্সকে প্রায় ৭০০ কোটি ডলারে অধিগ্রহণ করে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য সরবরাহ করে। এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসার আয়ের বড় অংশ এখন এই প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর নির্ভরশীল।
ইসরাইলে এনভিডিয়ার গবেষণা ও উন্নয়ন কার্যক্রম যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় কার্যক্রম। গত তিন বছরে দেশটিতে কর্মীর সংখ্যা দ্বিগুণ করে ছয় হাজারে উন্নীত করেছে প্রতিষ্ঠানটি। হাইফার কাছে কিরিয়াত তিভনে নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাদের। সেখানে সর্বোচ্চ ১০ হাজার কর্মীর কাজের সুযোগ হবে।
বড় অবকাঠামো প্রকল্প
ইসরাইলের পরিকল্পনার অন্যতম বড় প্রকল্প ‘ওফেক ডেটা সেন্টার’। আশদোদ বন্দরের উত্তরে নির্মাণাধীন এই কেন্দ্রটি ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার কথা। এটি হবে দেশটির সবচেয়ে বড় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র।
প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম ও ইসরাইল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ কয়েকটি প্রতিষ্ঠান এতে অর্থায়ন করছে। পরবর্তী সময়ে উন্নয়নের জন্য আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে কেন্দ্রটির সক্ষমতা হবে ১৩০ মেগাওয়াট। পরে তা বাড়িয়ে ২০০ মেগাওয়াট করার পরিকল্পনা রয়েছে। ইউরোপের বাজারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে সমুদ্রের নিচ দিয়ে ফাইবার অপটিক কেব্লও যুক্ত করা হবে। পাশাপাশি এনভিডিয়ার বিশেষায়িত গ্রাফিকস প্রসেসিং ইউনিট ব্যবহার করা হবে।
গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, ইসরাইলে বর্তমানে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়নে সরকারি বিধিনিষেধ শিথিলের উদ্যোগও নিয়েছে নেতানিয়াহু সরকার। গত ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারগুলোকে জাতীয় অবকাঠামো হিসেবে শ্রেণিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়, যাতে স্থানীয় পর্যায়ের অনুমোদনসংক্রান্ত জটিলতা এড়ানো যায়।
তবে সম্প্রতি বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় বাধার মুখে পড়েছে পরিকল্পনাটি। নতুন ডেটা সেন্টারগুলোর জন্য বিদ্যুৎ সংযোগের সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমিত করেছে ইসরাইলের বিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলে দ্রুত অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্য বাস্তবায়ন কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
লন্ডনভিত্তিক গবেষক রাজিব দালাল আলজাজিরাকে বলেন, অনুমোদন দ্রুত দেওয়ার সিদ্ধান্ত সরকারের প্রশাসনিক বিষয়। কিন্তু নির্মিত কেন্দ্রগুলো চালানোর মতো বিদ্যুৎ নিশ্চিত করা আরও বড় চ্যালেঞ্জ। ইসরাইলের আয়তন ছোট, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা সীমিত এবং উন্নত প্রযুক্তির যন্ত্রাংশের জন্য দেশটি আমদানির ওপর নির্ভরশীল। এআই পরাশক্তি হতে হলে বিপুল বিদ্যুৎ, নির্ভরযোগ্য সরবরাহ এবং উন্নত চিপের ধারাবাহিক প্রাপ্যতা প্রয়োজন।
বিদ্যুৎ চাহিদা মেটাতে পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া ২০২৭ সালে কাটলান গ্যাসক্ষেত্র চালুর প্রত্যাশা করছে দেশটি।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওফেক ডেটা সেন্টারটি আশদোদ বন্দরের পাশে নির্মিত ৮৫০ মেগাওয়াট ক্ষমতার একটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ পাবে।
সামরিক ও ভূরাজনৈতিক গুরুত্ব
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টারের জননীতি গবেষক মার্ক এসপোসিতোর মতে, ডেটা সেন্টার নির্মাণের পেছনে ইসরাইলের লক্ষ্য শুধু ব্যবসায়িক মুনাফা নয়; এর সঙ্গে ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থও জড়িত।
তিনি বলেন, নিজস্ব ডেটা সেন্টার থাকলেই কোনো দেশ এআই পরাশক্তি হয়ে যায় না। তবে এ ধরনের অবকাঠামো ছাড়া সেই অবস্থানে পৌঁছানো কঠিন। ডেটা সেন্টারকে তিনি এআই সক্ষমতার ভৌগোলিক ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
নেতানিয়াহু সরকারের ভাষ্য, এআই অবকাঠামো জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারিতে প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা অনুমোদনের সময় নেতানিয়াহু বলেন, এটি দেশের সক্ষমতা ও প্রভাব বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসরাইলের ন্যাশনাল এআই ডিরেক্টরেটের প্রধান এরেজ আসকালও মনে করেন, ভবিষ্যতে কোন দেশ এআই যুগে নেতৃত্ব দেবে, তা নির্ভর করবে নিজস্ব প্রযুক্তি, অবকাঠামো ও সক্ষমতা গড়ে তোলার ওপর।
বিশ্লেষকদের মতে, নিজস্ব ডেটা সেন্টার থাকলে বিদেশি প্রযুক্তি বা অবকাঠামোর ওপর নির্ভরতা কমে। একই সঙ্গে দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ, ব্যবসায়িক কার্যক্রম এবং সামরিক ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যায়। গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানে ইসরাইলের এআই ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে।
ইউরোপের জন্য নতুন চ্যালেঞ্জ
ইসরাইল যখন ডেটা সেন্টার নির্মাণে গতি বাড়াচ্ছে, তখন বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা, অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং জনসাধারণের বিরোধিতার কারণে ইউরোপ পিছিয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বিদেশি নিয়ন্ত্রণাধীন ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর ওপর অনেকটাই নির্ভরশীল। বিশ্বের প্রায় ৫১ শতাংশ ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রে অবস্থিত। ফলে ইউরোপের প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্র বা অন্য দেশের ডেটা সেন্টার ব্যবহার করে থাকে।
তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরে তথ্য সংরক্ষণ করলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে তথ্য সংরক্ষণ করতে খরচ অন্তত ৩০ শতাংশ বেশি হতে পারে। বিনিময়ে তথ্য ইউরোপের নিজস্ব গোপনীয়তা আইনের আওতায় থাকে।
ব্রাসেলসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের জ্যেষ্ঠ গবেষক বার্তিন মার্টেন্স বলেন, সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিদেশি শক্তির নজরদারির ঝুঁকি এড়াতে নিজস্ব ডেটা সেন্টার প্রয়োজন।













