শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে অভিনব কায়দায় একটি জুয়েলার্স দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর দোকানটি থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার অলংকার লুট করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে তারা।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলার্সের মালিক অমিত ঘোষ ধানমন্ডি থানায় মামলা করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজন ওই জুয়েলার্সের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মী। তবে লুটের ঘটনায় মূল অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল তৎপর রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটানো হয়েছে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাওয়ানো হয়েছিল। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছে তারা।
পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিন নিরাপত্তাকর্মীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োজিত জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী। অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করেন। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম বলেন, স্বর্ণ লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, প্রায় ২ হাজার ভরি গয়না খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।











