• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তুর্যের মৃত্যু হৃদয়বিদারক, মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের বিধিনিষেধ ছিল না: রাশেদ খাঁন

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১২:২৬
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১২:২৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী ছেলে তুর্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ছেলের মৃত্যুর পর শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও বিধিনিষেধ ছিল না। তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনও আবেদন করা হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান রাশেদ খাঁন।

পোস্টে তিনি লিখেছেন, ‘যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।’

শারমিন সুলতানার গ্রেফতারের পর তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেও তার জামিনে মুক্তির দাবি জানিয়ে লেখালেখি করেছিলেন বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আর সামনে আসেনি বলে দাবি করেন তিনি। তুর্যের মৃত্যুর পর সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে জানিয়ে রাশেদ খাঁন বলেন, ব্যক্তিগতভাবেও তিনি এ ঘটনায় ব্যথিত।

ছেলের মৃত্যুর পর শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, বিষয়টি নিয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেছেন। ডিসি তাকে জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনও আবেদন কিংবা ফোনকল তারা পাননি। তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি জানিয়ে প্যারোলে মুক্তির আবেদনও করেননি। বরং পরিবারের পক্ষ থেকে মরদেহ কারাফটকে নেওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে অবহিত করেননি।

রাশেদ খাঁন আরও লিখেছেন, সিনিয়র জেলার অবশ্য কোনও আসামিকে তার পরিবারের কারও মরদেহ দেখানোর আইনগত এখতিয়ার রাখেন।

পোস্টে তিনি বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও ধরনের বিধিনিষেধ ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারেন। তুর্যের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করলে এবং তা মঞ্জুর না করা হলে সরকারকে এ বিষয়ে দায়ী করতে পারতো।

তিনি আরও বলেন, ‘এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সহিত পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দিবে না, এটাতো কোনভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল।’

তুর্যের পরিবার প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করলে হয়তো এমন হৃদয়বিদারক ঘটনার অবতারণা হতো না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

প্রসঙ্গত, বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী ছেলে তুর্যের মৃত্যুর পর কারাগারে শেষবারের মতো তার মুখ দেখেন শারমিন সুলতানা শর্মী। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ছেলের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান তার স্বামী শাহাদাৎ হোসেন নিপু ও স্বজনেরা। শারমিন বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে রয়েছেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম