• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যানকে মারধরের ভিডিও ভাইরাল

প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৪:১৪
আপডেট: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৪:১৪

পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যানকে মারধরের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের ওপর হামলার ভিডিও রবিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাউফল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনের সামনেই কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেবের ওপর হামলা চালাচ্ছে। আবদুল মোতালেব সড়কের ওপর শুয়ে পড়েছেন। এরপরও সন্ত্রাসীরা তাকে কোপাচ্ছেন ও পিটাচ্ছেন। আর মোতালেব চিৎকার করছেন।

আবদুল মোতালেবের ওপর হামলার ঘটনার ১৪ দিন পর ২ এপ্রিল রাতে মামলা হয়েছে। বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা মামলার ১ নম্বর আসামি। মামলায় মোট ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক কর্মসূচি গ্রহণ করে। এতে উত্তেজনা দেখা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মোতালেব জনতা ভবনে যাওয়ার চেষ্টা চালান। এক পর্যায়ে পুলিশের সঙ্গে মোতালেব অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের চোখ এড়িয়ে মোতালেব হাওলাদার দলীয় কার্যালয়ে যেতে চাইলে রোষানলে পড়েন। তখন উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় অর্ধশত ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি ফাঁকা গুলি ছোড়ে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আবদুল মোতালেবের নেতৃত্বে নেতাকর্মীরা আনন্দে র‌্যালি নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের (জনতা ভবন) দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের গেটের পূর্ব পাশে পৌঁছালে সন্ত্রাসীরা লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আবদুল মোতালেবের ডান হাতের তৃতীয় আঙুল কেটে চামড়ার সঙ্গে ঝুলে থাকে। তার বুকের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের ওপরের অংশে জখম হয়। ডান পা ভেঙে যায় ও মাথায় আঘাত লাগে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে সম্প্রতি যোগদান করা বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আসামিদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে দুজনেই পটুয়াখালী আদালত থেকে জামিনে বেরিয়েছে। যতটুকু জেনেছি বাকি আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com