নিউজ ডেস্ক
তারুণ্যের সমাবেশের নামে বিএনপি সারা বাংলাদেশকে জিম্মি করতে চায় বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল।
তিনি বলেছেন, বিএনপি ‘সন্ত্রাসীদের’ নেতৃত্বে তারুণ্যের সমাবেশ করছে। বাংলাদেশের যুব ও ছাত্র সমাজকে অবৈধ অস্ত্র, অবৈধ অর্থ ধরিয়ে দেওয়া দল হলো বিএনপি।
শনিবার (২২ জুলাই) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
মাইনুল হোসেন নিখিল বলেন, বিএনপি-জামাত মাঠে নেমেছে বিদেশি প্রভুদের আশীর্বাদ নিয়ে। তারা বলতে চাতে চায় নিরপেক্ষ সরকার নাই, তাদের কথা বলার অধিকার নাই, মানবাধিকার নাই। বিদেশি প্রভুদের কাছে দ্বারস্থ হয়ে তারা এসব কথাই বলে।
বিএনপির কারণে ১/১১ সৃষ্টি হয়েছে জানিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, আজ আবার সে ধরণের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা অপচেষ্টা করছে বিএনপি।
আওয়ামী লীগের একাধিক নেতাকে হত্যার উদাহরণ দিয়ে নিখিল বলেন, বিদেশি প্রভুরা কি ২০০১ থেকে ২০০৬ সালের ঘটনা দেখে না? কোনো বিদেশি প্রভুর কথায় কাজ হবে না, যথা সময়ে নির্বাচন হবে।
এ সময় যুবলীগের পক্ষ থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২৪ জুলাই কর্মসূচির ঘোষণা দেন মাইনুল হোসেন নিখিল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। এছাড়া যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এবং নগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













