• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ-বিএনপিকে বিকেলে সিদ্ধান্ত জানাবে পুলিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৩:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৩:৫৬

96663365

আ’লীগ-বিএনপিকে বিকেলে সিদ্ধান্ত জানাবে পুলিশ

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ও বিএনপি কাউকেই এখনও শুক্রবারের সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত দেয়নি পুলিশ। আজ বিকেলে সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বৃহস্পতিবার (২৭ জুলাই) ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সমাবেশের সিদ্ধান্ত জানাবে ডিএমপি।

আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন কিংবা বিএনপি সমাবেশের অনুমতি পেয়েছে কি না, এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, এখন পর্যন্ত কোনো দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সেখানে সমাবেশের বিষয়টি জানানো হবে।

এর আগে দুপুরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, পবিত্র আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে। আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগ ও বিএনপির এই সমাবেশ নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম বাংলাদেশের রাজনীতি। আজ বৃহস্পতিবার দুই দলেরই এই সমাবেশ হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের সমাবেশের আয়োজক তাদের তিন সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একই দিনে বড় দুই দলের এই সমাবেশ ঘিরে গতকাল জনমনে বেশ উদ্বেগ ছিল। সমাবেশের অনুমতি পাওয়া-না পাওয়া নিয়ে নাটকীয়তা শেষে সন্ধ্যার পর বিএনপি জানায়, তারা শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

আওয়ামী লীগ শুরুতে চেয়েছিল বৃহস্পতিবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তারা সমাবেশ করবে। তবে সেখানে অনুমতি দেওয়া না হলে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাতে (বুধবার) মাঠ পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।

এরইমধ্যে বিএনপি তাদের সমাবেশ শুক্রবার করার সিদ্ধান্ত দিলে আওয়ামী লীগের সিদ্ধান্তেও পরিবর্তন আসে। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com