• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মঞ্চ প্রস্তুত, ৫ লাখ নেতাকর্মী জমায়েত করবে আ.লীগ

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১:১০
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১:১০

মঞ্চ প্রস্তুত, ৫ লাখ নেতাকর্মী জমায়েত করবে আ.লীগ

নিউজ ডেস্ক
ভ্রাতৃপ্রতিম ও সহযোগী তিন সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় পাঁচ লাখ নেতাকর্মী জমায়েত করবে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের এই তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশের মঞ্চ ইতোমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে এই তিন সংগঠন।

গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং সেখান থেকে গুলিস্তানের হল মার্কেট মোড় পর্যন্ত সমাবেশের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদসংলগ্ন রাস্তার অংশ বন্ধ থাকলেও রাস্তার আরেক পাশ দিয়ে যান চলাচল করছে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মঞ্চ স্থাপন করা হয়েছে।

তিন সংগঠনের ব্যানারে অনুষ্ঠেয় এই সমাবেশে অতিথি হবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবমিলিয়ে সমাবেশ আয়োজনের কোনো কমতি রাখতে চান নি সংশ্লিষ্টরা।

যুবলীগের অবস্থানরত নেতাকর্মীরা জানান, তিন সংগঠনের বিভিন্ন সাংগঠনিক থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে কমপক্ষে পাঁচ লাখ নেতাকর্মী শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেবেন। এ লক্ষ্যে এরই মধ্যে তারা সব প্রস্তুতিও শেষ করেছেন।

মঞ্চের কাছেই বহুসংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সমাবেশের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় প্রতিনিধিদের উপস্থিতি রয়েছে।