নিউজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায় রাজনৈতিক প্রতিহংসা থেকে হয়নি। এই রায়ের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, সরকার চাইলে এটা আগেই করতে পারতো, তাহলে ১৪ বছর সময় লাগতো না। এই মামলা তত্বাবধায়ক সরকারের আমলে করা। তারেক রহমান ও জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার জন্য যুক্তরাজ্য সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে মানুষের বিপুল সংখ্যক উপস্থিতি প্রমাণ করে, দেশের মানুষ শেখ হাসিনাকে কতটা ভালোবাসে। আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে মানুষ চায়, সেটা গতকালকের সমাবেশে মানুষের উৎসাহে প্রমাণিত হয়েছে।












