• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৩:১৮
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৩:১৮

 

জনতার আওয়াজ ডেস্ক

যানজটের নগরী ঢাকার দক্ষিণের মতিঝিল থেকে অপরপ্রান্তের উত্তরাকে এক সুতোয় বাঁধলো ঢাকার প্রথম মেট্রোরেল। এমআরটি-৬ নামে পরিচিত এ মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে উদ্বোধন করেন। বিকেল ৪টায় মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে ঢাকাকে যানজটমুক্ত করতে গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হয়। সে সময় মেট্রোরেলের প্রথম অংশ উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ১০ মাস পরে এসে শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের উদ্বোধন করা হলো।

২০ কিলোমিটার দূরত্বের উত্তরা-মতিঝিল রুটে কর্মব্যস্ত দিনে লেগে যায় দুই থেকে আড়াই ঘণ্টা। যানজটের শহরে জাদুর মেট্রোরেল এ পথ অতিক্রম করবে মাত্র ৩১ মিনিটে।

আর আধুনিক এ গণপরিবহন রবিবার (৫ নভেম্বর) থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

প্রথমে চালু হবে তিন স্টেশন

এমআরটি লাইন-৬-এর দ্বিতীয় অংশের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে মোট সাতটি। এর মধ্যে প্রথমে চালু হবে তিন স্টেশন – ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল।

এরপর নভেম্বর মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তারপর আগামী দুই মাসের মধ্যে একে একে চালু হবে শাহবাগ, কাওরানবাজার ও বিজয় সরণী স্টেশন।

সকাল-রাতে সময় বাড়ানো হয়েছে আধাঘণ্টা

বর্তমান সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল করার কারণে ৮টায় যাদের অফিস তাদের পৌঁছাতে দেরি হয়ে যেতো। যাত্রীদের এ দাবির প্রেক্ষিতে আগামী ৫ নভেম্বর থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে চলাচল শুরু করবে।

এ দিকে রাত ৮টার পরে যাদের এমআরটি বা র‌্যাপিড পাস রয়েছে তারা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।

কিন্তু যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন তারা রাত ৮টা পর্যন্তই সর্বশেষ মেট্রোরেলে চড়তে পারবেন।

যদিও আগারগাঁও থেকে মতিঝিল অংশের যাত্রীরা সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করতে পারবেন। ধীরে ধীরে এ অংশেও সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এমডি।

৩১ মিনিটে মতিঝিল-উত্তরা, মেট্রো ভাড়া ১০০ টাকা

যেসব যাত্রী উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩১ মিনিট আর ভাড়া লাগবে ১০০ টাকা। তবে যাদের র‌্যাপিড পাস রয়েছে তারা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। আর আগারগাও থেকে মতিঝিল পর্যন্ত ৪০ টাকা। মতিঝিল থেকে উত্তরা সেন্ট্রার ও দক্ষিণ ৯০ টাকা, পল্লবী ৮০ টাকা, মিরপুর- ১১ ৭০ টাকা, মিরপুর ১০ ও কাজীপাড়া ৬০ টাকা, শেওড়াপাড়া ও আগারগাও ৫০ টাকা, বিজয় সরণী ৪০ টাকা, ফার্মগেট ও কারওয়ান বাজার ৩০ টাকা, শাহাবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবলায় ২০ টাকা। অন্যদিকে ফার্মগেট থেকে মতিঝিলের ভাড়া ৩০ টাকা।

মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে। ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে।

তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম