নাটোরে সড়ক থেকে পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানাকে এলোপাতাড়ি কুপিয়েছে ১০ কিলোমিটার দূরে ফেলে রেখে যায়। শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩, রাত সাড়ে ১০টায় নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাসুদ রানা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন তিনি। বাজারের পশ্চিম পাশের সড়কে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। তিনি ওই মাইক্রোবাসের কাছাকাছি পৌঁছালে ছয় থেকে সাতজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে থানায় যাওয়ার জন্য মাইক্রোবাসে উঠতে বলেন। কারণ, জানতে চাইলে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে চোখ-মুখ বেঁধে ফেলেন। প্রায় ঘণ্টাখানেক পর তাঁকে মাইক্রোবাস থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এ সময় তাঁর ডান পা ও ডান হাতের নিচের অংশ কুপিয়ে রগ কেটে দেওয়া হয় বলে জানিয়েছেন স্বজনেরা। তাঁর মাথায়ও একটা ফোলা জখম রয়েছে। পরে তাঁকে সেখানে ফেলে রেখে মাইক্রোবাসটি চলে যায়।
এরপর তার পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

