• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ভোটবিহীন নির্বাচনের সরকার কেউ মানবেনা : এবি পার্টি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ৮:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ৮:২৭

 

নিউজ ডেস্ক
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা বলেছেন, ডামি সংসদ, ডামি সরকার ও ডামি মন্ত্রিপরিষদ অবৈধ। এই অবৈধ সরকার বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নেবেনা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীতে ‘না মিছিল’ করে এবি পার্টি।মিছিলটি ঢাকার কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল, পল্টন সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলের আগে এবি পার্টির নেতারা বলেন, একটি অবৈধ প্রহসনমূলক নির্বাচনে ডামি প্রার্থী, ডামি বিরোধীদল ও ডামি পর্যবেক্ষক হাজির করে এখন ডামি সংসদ সদস্যদের দিয়ে ডামি মন্ত্রিপরিষদ তৈরি করে ডামি সরকার গঠন করছে আওয়ামী লীগ। এই অবৈধ সরকার বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নেবেনা। সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, এবার আওয়ামী লীগ একটি নতুন মডেল হাজির করেছে যার নাম ডামি নির্বাচন। লুটপাটের হাজার হাজার কোটি টাকা খরচ করে, রাষ্ট্রের সকল ক্ষমতা ও পেশী শক্তি ব্যবহার করে যে ডামি নির্বাচন আওয়ামী লীগ করেছে জনগণ তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। আমরা বিশ্বাস করি এই সংসদ, মন্ত্রীসভা ও সরকারকেও মানুষ অবৈধ হিসেবে প্রত্যাখ্যান করবে। তিনি জলুম শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে নতুন করে গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার জন্য গণতন্ত্রকামী জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ৭ জানুয়ারির একতরফা প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে দেশে ভোট ডাকাত, ব্যাংক ডাকাত, শেয়ার বাজার ডাকাতদের একটি সমিতি গঠন করেছে। এই ডাকাত, লুটেরারা শপথ নিয়েছে আবার কিভাবে শেয়ার বাজার লুট করে মানুষকে ফকির করবে, কিভাবে ব্যাংক লুট করে দেশের রিজার্ভ শুন্য করবে, কিভাবে সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে মানুষকে টিসিবির লাইনে দাঁড় করাবে। তারা শপথ নিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও কিভাবে পুণরায় আগামী পাঁচ বছরে বেগমপাড়া কিংবা মালয়েশিয়ায় সেকেন্ড হোম করবে। এখনই এই লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি স্বাধীন ভাবে বেঁচে থাকতে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণকে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বন জানান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, শাহাদাতুল্লাহ টুটুল, হাদিউজ্জামান খোকন, মাসুদ জমাদ্দার রানা, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আমেনা বেগম, মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, শরণ চৌধুরী, ফেরদৌসী আক্তার অপি, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব রাজিয়া সুলতানাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

‘

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম