• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বগুড়ার রিকশাচালকের এমএ পাস স্ত্রীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ৯:২৮
আপডেট: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ৯:২৮

বগুড়ার রিকশাচালকের এমএ পাস স্ত্রীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
বগুড়া জেলার রিকশাচালকের এমএ পাস করা স্ত্রী সিমানুরকে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক পদে চাকরির নিয়োগপত্র প্রদান করেন।

বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের ফেরদৌস মণ্ডল যখন বিয়ে করেন, তার স্ত্রী সিমানুর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বিয়ের পর স্ত্রীকে দেয়া কথা ফেরদৌস রেখেছিলেন। রিকশায় স্ত্রীকে কলেজে পৌঁছে দিয়ে তিনি নিজে রিকশা চালিয়ে সংসারের বোঝা টেনেছেন। রিকশা চালিয়ে সিমানুরের লেখাপাড়ার খরচ জুগিয়েছেন তিনি। স্ত্রীকে এমএ পাস করিয়ে আবার স্ত্রীর জন্য চাকরি খোঁজেন রিকশা চালানোর পাশাপাশি। এ দম্পতির সংগ্রামী জীবনকথা নিয়ে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাথে বগুড়া জেলা প্রশাসককে খোঁজখবর নিতে বলা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা পেয়ে সাথে সাথে বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম সোমবার তড়িৎ ব্যবস্থা নিতে দেরি করেননি। সোমবার বিকেলে দম্পতিকে ডেকে সব কথা শোনেন।

চাকরির সাথে মিলেছে সিমানুরের স্বামী রিকশাচালক ফেরদৌস মণ্ডলের রিকশা কেনার ঋণ পরিশোধের জন্য ২৫ হাজার টাকা, বাড়ি সংস্কারের টিন ও আউটসোর্সিংয়েল মাধ্যমে রিকশাচালকের উচ্চশিক্ষিত স্ত্রী যেন শক্তিশালী আর্থিক ভিত্তিতে পৌঁছাতে পারেন সে জন্য পেলেন একটি ল্যাপটপ।

জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম জানান, এসবই হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়।

সোমবার সিমানুরের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক। নিয়োগপত্র হাতে পেয়ে তিনি স্কুলে গিয়ে সহকারী স্কুল শিক্ষক পদে যোগদান করেন। এতে সিমানুর উৎসাহ আরো বেড়ে গেছে। চাকরির পাশাপাশি তিনি এখন বিসিএস-এর প্রস্তুতি নিতে চান। তিনি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তাদের কৃতজ্ঞতার কথা পৌঁছে দেয়ার অনুরোধ জানান।
সূত্র : বাসস