শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা, ছেলেসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ি এলাকার কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংখুরী এলাকার হাসেম মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪৫) এবং তাঁর ছেলে মো. আসাদুল (১৮)। নিহত অন্যজনের বয়স আনুমানিক ৪০ বছর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ সকালে কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।
আ/আ












