জবি প্রতিনিধি
ফাইরুজ সাদাফ অবন্তিকা হত্যার সমস্ত প্রমাণ আমলে নিয়ে দ্রুততম সময়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিশ্ববিদ্যালয় আইনে এবং রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দ্রুততম সময়ে সম্পূর্ণ প্রভাবমুক্ত যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করা, অংকন বিশ্বাসসহ পূর্বে দায়েরকৃত সকল অভিযোগের দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা, পূর্বতন প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে গ্রহণযোগ্য তদন্ত করাতে হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনা ও ফাইরুজ অবন্তিকা এবং অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে দুটি স্থায়ী ফলক নির্মাণ করাসহ ৫ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি প্রদান শেষে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ্ সাকিব সোহবান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করেছেন যে বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যম্পাস গড়ার লক্ষ্য তারা কাজ করবেন। বিগত দিনে অভিযোগপত্র জমা হলেও তা তেমনভাবে আমলে না নিলেও এখন থেকে যেকোন অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখার ঘোষণাও দিয়েছেন প্রশাসন।
এ সময় তারা ২০২২ সালের ৮ মার্চ অংকন বিশ্বাসের রহস্যজনক মৃত্যুর বিষয়ে প্রশাসনকে সুষ্ঠ তদন্তেরও দাবি জানান। আগামী ২৪ মার্চ রবিবার অংকনের মৃত্যুর বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা করেন তারা। ওই কর্মসূচি থেকে পরবর্তী দিনের কর্মসূচির ঘোষণা করাও হবে বলে জানান তারা।













