জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পৃথক পাঁচ মামলায় জামিন চেয়ে করা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আবেদনের শুনানি আজ রবিবার দুপুর সোয়া দুইটায় অনুষ্ঠিত হবে।
রবিবার সকালে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেন।
তিন মাস ধরে কারাগারে থাকা খায়রুল হক নিম্ন আদালতে জামিন না পেয়ে পৃথকভাবে হাইকোর্টে পাঁচটি মামলায় আবেদন করেন। গত ২০ অক্টোবর আবেদনগুলো শুনানির জন্য উত্থাপন করা হলে আদালত সেদিন সেগুলোকে (২৬ অক্টোবর) কার্যতালিকায় রাখেন।
আজ সকাল ১০টা ৫০ মিনিটে আদালতে বিষয়টি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও মোনায়েম নবী শাহীন।
উল্লেখ্য, খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বাধীন আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করেন।
গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।













