• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুম পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেব: মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:৩৭
আপডেট: রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:৩৭

965920 3

গুম পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেব: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখে গুম পরিবারকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়ার প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অসহায় ও কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া অত্যন্ত জরুরি।’

রবিবার (৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, ‘গুম হওয়া মুন্নার মা এখন খুব কষ্টে ছেলেমেয়েদের নিয়ে জীবনযাপন করছেন। শুধু এই পরিবারই নয়, এমন অনেক পরিবার আছে যারা অসীম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোর জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আজ আমরা কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় চাকরি করছি-এখানে আমাদের সচিবও আছেন। আমরা সবাই নিজেদের অবস্থান তৈরি করেছি। কিন্তু যারা এই সংগ্রামের জন্য হারিয়ে গেছে, তাদের সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছে। অন্তত তাদের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা আমরা করতে পারি। তাহলেই আমাদের সরকারে আসা সার্থক হবে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এই পুরো সংগ্রামের সময় যে সাহসী মানুষগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আমি সব সময় তাদের স্মরণ করি। সেই সময়টা আমি জানি-কীভাবে একা এককভাবে লড়াই হয়েছে।’

এ সময় একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগের কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে- এটা অত্যন্ত আনন্দের বিষয়। তবে আমি চাই, সেখানে যেন সঠিক ইতিহাস তুলে ধরা হয়। আমাদের জাতির সেই ইতিহাস-যার জন্য আমরা আজ মুক্তভাবে কথা বলতে পারছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি তা যেন সঠিকভাবে প্রতিফলিত হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, ভাষা আন্দোলন ছাড়াও অনেক জাতীয় সংগ্রাম, লড়াই ও যুদ্ধ হয়েছে-কিন্তু সেগুলো নিয়ে খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা তৈরি হয়নি। আমি আশা করি, যে সংগ্রাম ও লড়াই আমরা করছি, তা যেন সেই মানের হয়-যাতে আমরা গোটা পৃথিবীতে তা উপস্থাপন করতে পারি।’

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করে বিদেশে পালিয়ে গেলেও তার এখনও কোনো অনুশোচনা নেই। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছেন এই ফ্যাসিস্ট মহিলা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com